ফেসবুক লাইভে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন ব্যবসায়ী আবু মহসিন খান (৫৮)। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। আবু মহসিন খানের আত্মহত্যার ভিডিয়োটি ৬ ঘণ্টার মধ্যে ফেসবুক থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। বিটিআরসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডির ৭ নম্বর রোডের একটি বাড়ির লেভেল-৫ এর একটি ফ্ল্যাটে থাকা মহসিন ফেসবুক লাইভে এসে নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ওই ব্যবসায়ী সম্পর্কে বাড়ির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দা ও দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করেন।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, তার স্ত্রী-সন্তান অস্ট্রেলিয়া থাকেন। ধানমন্ডির বাসায় তিনি একা থাকতেন। ২০১৭ সাল থেকে ক্যানসারে আক্রান্ত মহসিন ব্যবসাতে লোকসানের মুখোমুখি হয়েছেন। ধারণা করা হচ্ছে, এসব কারণে হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।
প্রসঙ্গত, তিনি চিত্রনায়ক রিয়াজের শ্বশুর।